শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলুৎফুল কবিরের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ

লুৎফুল কবিরের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ

গ্যাটকো-সংক্রান্ত দুর্নীতি মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুৎফুল কবিরের বিরুদ্ধে করা মামলাটির বাতিল চেয়ে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুল খারিজ করে রায় দেন। একই সঙ্গে তাঁর ক্ষেত্রে মামলার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে লুৎফুল কবিরের জামিন অব্যাহত থাকবে বলেছেন আদালত।

মামলাটি বাতিল চেয়ে লুৎফুল কবিরের করা এক আবেদনের শুনানি নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন। আদালতে লুৎফুল কবিরের পক্ষে ছিলেন আইনজীবী দেওয়ান আবু নাসের। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে খুরশিদ আলম খান  বলেন, অন্য আসামিদের ক্ষেত্রে বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এগুলো চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর মামলার কার্যক্রম চলতে পারে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই ১৩ জনের মধ্যে সাবেক দুই মন্ত্রী সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়া মারা গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ