শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআন্তর্জাতিক মহল ও দেশের জনগণ অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না...

আন্তর্জাতিক মহল ও দেশের জনগণ অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না : এমকে আনোয়ার

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল ৫ জানুয়ারির নির্বাচনে সমর্থন না দিলেও তাদের সমর্থন রয়েছে প্রচার করে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। আন্তর্জাতিক মহলের পাশাপাশি বাংলাদেশের জনগণও এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দাবি করে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর ইপিজেড মোড়ে ২০ দলীয় জোট আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

সভায় এম কে আনোয়ার বলেন, প্রহসনের নির্বাচনের পর জাতিসংঘ নেতাদের সঙ্গে দেখা করে আওয়ামী লীগ সরকার বলেছিল, তাদের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে। অথচ বিএনপিসহ অন্যান্য প্রতিনিধিরা দেখা করার পর জানতে পারে সরকারকে তারা সমর্থন দেয়নি। তিনি বলেন, দেশে-বিদেশে কোথাও সমর্থন না পেয়ে সরকারে পায়ের নিচেন মাটি সরে গেছে। তাই তারেক রহমানসহ বিএনপি নেতাদের মামলায় জড়িয়ে আন্দোলন দমন করতে চাইছে। কিন্তু মামলা-হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না।

দেশে সুশাসন না থাকায় জনগণ শান্তিতে নেই উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে আইনের শাসন নেই। খুনীদের রক্ষা করে শ্রমিক জনতাকে হয়রানি করছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। তাই জনগণ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। ‘অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দিন।  সে নির্বাচনে যারাই জয়ী হবে তাদের মেনে নেব। না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে।‘

অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশে মানুষ মুক্তি চায় দাবি করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে-বিদেশে সবাই এই অবৈধ সরকারের পতন চায়। বাংলাদেশের মানুষ মুক্তির অপেক্ষায় আছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার গঠন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। দেশের মানুষ রাস্তায় তাদের দেখতে চায় না। রাস্তায় এলেই প্রতিরোধ করতে হবে।

দেশে মুক্ত বাজার অর্থনীতি বলতে কিছু নেই উল্লেখ করে সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন,‘দেশে এখণ মুক্ত বাজার অর্থনীতি বলে কিছু নেই। আছে দলীয় অর্থনীতি। দলের নেতারা ছাড়া কেউ ব্যবসা বাণিজ্য করতে পারছে না। ফলে দলের নেতারা ছাড়া দেশে কেউ শান্তিতে নেই।‘ আইন শৃঙ্খলা বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের সরকারের অবৈধ আদেশ না মানার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, পুলিশ, ৠাব, বিজিবিতে কর্মরত দেশ প্রেমিকদের বলছি। আপনারা অবৈধ সরকারের ‍দায় নেবেন না। ‘যারা জনগণের বিপক্ষে যাবে তারা ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষেপ হবে। দেশে গণজোয়ার শুরু হয়েছে। এ জোয়ারে অবৈধ সরকার ভেসে যাবে।‘

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, দমন-পীড়ন করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এদিকে ইপিজেডে সভা শেষ করে বড়পোল যাওয়ার পথে পুলিশ মিছিলের ছবি তুলতে গেলে জামায়াত-শিবির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে পথসভায় অংশ নেয় তারা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহজাহান কবির  বলেন, হালিশহর বড়পোল এলাকায় পথ সভার আয়োজন করে ২০ দলীয় জোট। পুলিশ মিছিলের ছবি তুলতে গেলে জামায়াত-শিবির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বন্দর থানা বিএনপির সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ বেগম রোজি করিব, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, শ্রমিক দল নেতা মেখ নুরুল্লাহ বাহার, কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, হাসান মুরাদ, ডা. নুরুল আফসার, বিএনপি নেতা হানিফ সওদাগর, মো. নুরুজ্জামান, মো. ইসমাইল, ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। বড়পোল এলাকায় হালিশহর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম এবং ডবলমুরিং থানার সভাপতি এসএম সাইফুল আলমের সভাপতিত্বে নগরীর শুভপুর বাসস্টেশন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ