আগামী ৫-৭ সেপ্টেম্বর ২০১৪ ঢাকা মাওলানা ভাষাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ”ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-১ টুর্ণামেন্ট”। এ টুর্ণামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ হংকং চায়না, আফগানিস্তান ও শ্রীলংকা জাতীয় হকি দল অংশগ্রহন করবে। উক্ত টুর্ণামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার-এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশে আয়োজিত ”ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-১ টুর্ণামেন্ট” সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগ সমুহের সহযোগীতা কামনা করা হয়। সভায় দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া, সংশ্লিষ্ট স্টেডিয়াম ও ট্রেনিং/প্র্যাকটিস গ্রাউন্ডে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির প্রয়োজনীয় ব্যবস্থাকরন, হকি স্টেডিয়ামের চারপাশে সৌন্দর্য্যবর্ধন ও ফুটপাত পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থা/বিভাগসমূহের সহযোগিতা কামনা করা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
সভায় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ হকি ফেডারেশনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




