নারায়ণগঞ্জের রূপগঞ্জে সব্জি বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই নওগাঁর পত্নীতলা এলাকার বাসিন্দা। নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বগুড়া থেকে পটল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকে ১০ থেকে ১২ জন লোক ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে। সেখানে পানি থাকায় ট্রাকের অর্ধেক তলিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান।



