রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়স্থিতিশীল আন্তঃব্যাংক লেনদেন

স্থিতিশীল আন্তঃব্যাংক লেনদেন

দেখতে দেখতে চলে এলো ঈদ। রোববার ছিল শেষ কর্মদিবস। সোমবার থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ছুটি হচ্ছে। এদিকে, রোববার ব্যাংকগুলোতেও লেনদেন হয়েছে ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে। নগদ টাকার জন্য ব্যাংকে গ্রাহকদের লাইন ছিল অনেক দীর্ঘই। তারপরও মুদ্রাবাজারে নগদ টাকার কোনো টানাটানি (চাহিদা) নেই। সে কারণে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকা খাটিয়ে লাভ হচ্ছে না ব্যাংকগুলোর। ঈদের আগে নগদ টাকার চাহিদা মেটাতে স্বল্প সময়ের জন্য ধার বা কলমানি সুদের কারবার এবার একেবারেই নিরুত্তাপ। সোয়া আট টাকায় লেনদেন হয়েছে এই বিশেষ মার্কেটে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, পর্যাপ্ত তারল্য প্রবাহ থাকায় ব্যাংকগুলোকে আর জরুরি ভিত্তিতে কোনো টাকা ধার করতে হচ্ছে না। তাই, কলমানি মার্কেটে সুদহার স্থিতিশীল ছিল। এদিনে লেনদেন হয়েছে সোয়া আট শতাংশ সুদ হারে। জানতে চাইলে গভর্নর ড. আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই। সবার হাতেই পর্যাপ্ত টাকা রয়েছে। তাই, আন্তঃব্যাংক লেনদেন বাজার স্থিতিশীল। সুদহার ব্যাপক বাড়েনি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, গত ১৭ জুলাই লেনদেনে সুদের হার ছিল ৭ টাকা ২৫ পয়সা। একই হারে লেনদেন হয়েছে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই কিছুটা বেড়ে দাঁড়ায় ৮ শতাংশ। এরপর আর খুব একটা বাড়েনি। রোববার প্রায় ৬ হাজার ৪৭৯ কোটি টাকা লেনদেন হয়েছে।

জানা গেছে, বিনিয়োগ না থাকায় ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ বেড়েই চলেছে। বর্তমানে ব্যাংকিং খাতের এক লাখ কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য হিসেবে রয়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি মাসেই ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে ঋণ প্রবাহ বাড়াতে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যদি ঘোষিত মুদ্রানীতিতে অনেকটা কৌশলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ টেনে ধরা হয়েছে। এদিকে, কলমানি মার্কেট থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক রোববার ধার করেছে ১৩০ কোটি টাকা। আর জনতা ব্যাংক করেছে ৯৭ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া ১৮২ কোটি, ব্র্যাক ব্যাংক ২০৮ কোটি এবং এনসিসি ব্যাংক সর্বোচ্চ ৪৩২ কোটি টাকা ধার করেছে। এছাড়া ওয়ান ব্যাংক ২৯৫ কোটি, পূবালী ব্যাংক ২৬৭ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪০৪ কোটি টাকা ও সিটি ব্যাংক ৩৬৬ কোটি টাকা ধার করেছে।সূত্র জানিয়েছে, ২০১০ সালের ১৯ ডিসেম্বর ছিল মুদ্রাবাজারে নগদ টাকার সংকটের নজিরবিহীন দিন। ওই দিন ১৯০ শতাংশ সুদে কলমানি মার্কেট থেকে টাকা ধার করতে হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ