বাংলাদেশ আজ আর কোনো দেশকে ভয় পায় না। বাংলাদেশের উন্নয়নে যেকোনো দেশের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত দেশ। বিদেশিদের ইচ্ছা নয়, বাংলাদেশিদের ইচ্ছাই এখন বড় কথা। তারা যা চাইবেন, তাই হবে। এ মত প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। শনিবার বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাটচাষী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাটপচন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নির্বাচিত চাষীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে।
জয় বলেন, পীরগঞ্জবাসীর দাবি, আমার দাবি। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে পরিশ্রম করে যাচ্ছে। আপনারা ৫ জানুয়ারি নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন আওয়ামী লীগকে নির্বাচিত করবেন। আপনারা আপনাদের কথা রেখেছেন। ‘আপনাদের দাবি ছিল ইন্টারনেট ব্যবহার। আমি আপনাদের কথা শুনে মন্ত্রীদের কাছে দাবি করেছি। এই পীরগঞ্জের মানুষ এখন থ্রিজি ব্যবহার করবে।’ আমি ওয়াদা করছি, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়া হবে। আজ ৫০টি গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এসব মানুষ এখন ঘরে বসে নিশ্চিন্তে বিশ্বকাপ দেখতে পাবেন, যোগ করেন জয়।
তিনি আরো বলেন, এছাড়াও সরকারের পরিকল্পনা রয়েছে পীরগঞ্জসহ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার। এখানকার মানুষের গ্যাসের দাবি ছিল। খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ করা হবে। পীরগঞ্জবাসীর দাবিমতো সেখানে একটি টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রীপুত্র। এ সময় তিনি উত্তরবঙ্গকে উন্নত করার অঙ্গীকারও করেন।
তিনি বলেন, সম্প্রতি ভারতের বিরুদ্ধে আমাদের সমুদ্র বিজয় হয়েছে। এর আগে মায়ানমারের বিরুদ্ধে জয়ী হয়েছি আমরা। আপনাদের কাছে আমার দাবি, কোন সরকার আপনাদের এসব সুবিধা প্রদান করছে তা আপনারা ভুলে যাবেন না। আওয়ামী লীগ সরকার আপনাদের উন্নয়নে কাজ করছে এটা ভুলে যাবেন না। এর আগে ৫০টি গ্রামে তিন হাজার নতুন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জয়।
সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এখন আর আমাদের অপেক্ষা করতে হয় না কখন খাবার ভর্তি জাহাজ আসবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সম্প্রতি আমরা চীন সফর করেছি। সেখানে পাটচাষীদের কথা বলা হয়েছে। খুলনার পাটকল বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল, বর্তমান সরকার সেগুলো চালু করেছে। সেসব শ্রমিকরা এখন ভাল আছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।




