বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদকে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ। রবিার দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলাউদ্দীন এ মজিদ গত বছর জানুয়ারি থেকে কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসোবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজেই বেসিক ব্যাংকের পরিচালনা পরিষদও পুনর্গঠন করা হয়েছে।
ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে চেয়রম্যানের পদ থেকে আব্দুল হাই বাচ্চুর পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হলো। বাচ্চুর পতদ্যাগের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার বলেছেন, রবিবারের মধ্যেই বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে।বাচ্চু শুক্রবার তাঁর পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি শনিবার জানাজানি হয়।
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু শুক্রবার অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বাচ্চুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে পোস্টারও বের করে ব্যাংকের কর্মচারিরা। বেসিক ব্যাংকের রাজধানীর তিনটি শাখায় প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণে অনিয়ম ধরা পড়ার পর বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে গত ২৬ মে অপসারণ করে। এ ঘটনায় আরো কয়েকজন পদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।



