সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৩ জুন

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৩ জুন

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায়  সোমবার ঘোষণার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আগামী ২৩ জুন রায় ঘোষণার নশংন নতুন তারিখ ধার্য করেছেন। আজ রায় ঘোষণা উপলক্ষে এ মামলায় কারাগারে থাকা নয় আসামিকে আদালতে হাজির করা হয়। বিচারক রাষ্ট্র এবং আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আজ রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ২৩ জুন রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, মামলার রায় লেখা প্রস্তুত হয়নি এবং এ ধরনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় সম্ভবত আজ রায় ঘোষণা করা হয়নি।

২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন৷ আহত হন অনেকে৷ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বোমা হামলার প্রায় আট বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷ ১৬ এপ্রিল হত্যা মামলায় মুফতি হান্নান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়৷ ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন৷ তবে ২০০৯ সাল থেকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটির কার্যক্রম থেমে আছে৷ মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন৷ আদালত সূত্র জানায়, হত্যা মামলায় চলতি বছরের ৮ মে রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে৷ ২৮ মে আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

মামলার আসামিদের মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আবদুর রউফ, মওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মওলানা ইয়াহিয়া ও মওলানা আকবর হোসাইন কারাগারে আটক আছেন৷ আসামি মওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক আছেন৷

আরও পড়ুন

সর্বশেষ