মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়না.গঞ্জে ৭ খুন : অভিযুক্তদের ‘সম্পদ’ খতিয়ে দেখবে দুদক

না.গঞ্জে ৭ খুন : অভিযুক্তদের ‘সম্পদ’ খতিয়ে দেখবে দুদক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে ‘টাকার বিনিময়ে’ হত্যার ঘটনায় র‌্যাব-১১-এর বরখাস্ত হওয়া অধিনায়ক (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদসহ সামরিক বাহিনীর তিন কর্মকর্তার ‘অবৈধ সম্পদ’ ও ‘ঘুষ লেনদেন’র অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুটি অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

চলতি সপ্তাহে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। দুদকের দায়িত্বশীল সূত্রে এ সব তথ্য জানা গেছে। যোগাযোগ করা হলে শনিবার বিকেলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ঘুষ এবং অবৈধ সম্পদ এ দুটি দুদকের তফসিলভুক্ত। দুদক এমন অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করার এখতিয়ার রাখে। সংস্থাটির এ শীর্ষ কর্তা বলেন, নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের সঙ্গে ঘুষ লেনদেনের খবরও শোনা যাচ্ছে। এক্ষেত্রে আমরা সন্দেহভাজনদের সম্পদ এবং ঘুষের বিষয়টি খতিয়ে দেখতে পারি।

সংস্থাটির সূত্র জানায়, যাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে তারা হলেন- র‌্যাব-১১-এর সদ্য বিদায়ী সিও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা। তাদের অর্জিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য কতটুকুও তাও খতিয়ে দেখবে দুদক।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। এর তিনদিনের মাথায় র‌্যাব-১১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে অপহৃত ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন সকালে অপহৃত আরেকজনের লাশও উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলামের পরিবার থেকে ওই হত্যাকাণ্ডে র‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাব অপহরণ করে হত্যা করেছে। র‌্যাবের বিরুদ্ধে এমন গুরতর অভিযোগ ওঠার পর ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করে র‌্যাব। এরপর র‌্যাব-১১ সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে অকালীন এবং বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর হাইকোর্ট পুরো ঘটনা তদন্তে সরকারকে একটি কমিটি গঠন করতে বলে। ওই আদেশ অনুসারে বুধবার সাত সদস্যের এই তদন্ত কমিটি কমিটি গঠন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাইয়ুম সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান ও মো. মিজানুর রহমান খান। বৃহস্পতিবার বিকেলে তারা নারায়ণগঞ্জে গিয়ে শীতলক্ষ্যায় লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেন।

আরও পড়ুন

সর্বশেষ