ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একটি একে-২২ রাইফেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় নুরুল ইসলাম (৩০) ও শামিম (৩৫) নামে দু’জনকে আটক করেছে জিআরপি পুলিশ। এসময় রাইফেল ছাড়াও তাদের কাছ থেকে ২ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ১০ টি ডেটনেটর, ৩ টি সুইসগেট চাকু ও ১০ টি পাওয়ার জেল উদ্ধার করা হয়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকা আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




