ধানমন্ডি খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে আজ মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব ও স্থানীয় বাসিন্দা ফারজানা শাহনাজসহ ছয়জন রিট আবেদনটি করেন। আবেদনে ধানমন্ডি খেলার মাঠে চলমান অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণ ও জনগণের প্রবেশাধিকার নিশ্চিতের আরজি জানানো হয়েছে।
এ ছাড়া মাঠ রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়েছে। স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, অবৈধ স্থাপনা অপসারণ ও মাঠের ভেতরে অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। আবেদনে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিবাদী করা হয়েছে।




