মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আবদুচ ছালাম আবারও সিডিএ চেয়ারম্যান হচ্ছেন!

আবদুচ ছালাম আবারও সিডিএ চেয়ারম্যান হচ্ছেন!

আবারও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হচ্ছেন আবদুচ ছালাম! সিডিএ’র ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন ২০০৯ সালের ২২ এপ্রিল। প্রথম দফায় দুই বছরের জন্য, পরবর্তীতে আবারও দুই বছর এবং সর্বশেষ এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আবদুচ ছালাম। আর সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও আগামীকাল ২২ এপ্রিল শেষ হচ্ছে। গত পাঁচ বছরে লোভনীয় হওয়া সিডিএ চেয়ারম্যান পদে হয়তো আবারো নিয়োগ পেতে যাচ্ছেন আবদুচ ছালাম। তবে চূড়ান্ত খবর জানা যাবে আজ-কালের মধ্যে।

এদিকে শেষ পর্যন্ত সিডিএ চেয়ারম্যানের দৌড়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সিডিএ’র বোর্ড সদস্য ইউনুছ গণি চৌধুরী। এ তিনজনের মধ্য থেকে একজনের নামেই আজ প্রজ্ঞাপন জারি হতে পারে। কিন্তু কে পেতে পারেন সিডিএ চেয়ারম্যানের পদ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে চেয়ারম্যানের দৌড়ে থাকা ব্যক্তিদের ফোন করলেও তারা কেউ কথা বলতে রাজি হননি। আবার কেউ রাজি হলেও পত্রিকায় ‘কোট’ হতে চাচ্ছেন না।

চেয়ারম্যান হতে যাওয়া প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, মোছলেম উদ্দিন আহমদকে চেয়ারম্যান হতে হলে দক্ষিণ জেলা সভাপতির পদ ছেড়ে আসার পরে বিবেচনা করা হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। সেই হিসেবে হয়তো তার সম্ভাবনা কিছুটা কম। আর বাকি রইলো দুই। এতে মূলত: লড়াইটা হবে বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালাম ও সিডিএ’র বোর্ড সদস্য ইউনুছ গণির মধ্যে। এ দুইজনের একজনের কাছে জানতে চাওয়া হয়েছিল কে হচ্ছেন সিডিএ চেয়ারম্যান? নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন জানান, আজই (সোমবার) জানা যাবে কে হবে সিডিএ চেয়ারম্যান। তবে বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালাম ও বোর্ড সদস্য ইউনুছ গনির মধ্যে যে কেউ হতে পারেন। আবার এদের বাইরেও প্রধানমন্ত্রী যদি কাউকে দায়িত্ব দেন তাতেও আমার কোনো আপত্তি নেই।

প্রকৃতপক্ষে কে হচ্ছেন সিডিএ চেয়ারম্যান? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তি ও জনসম্মুখে বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করে দেখা যায় আবদুচ ছালামই হচ্ছেন সিডিএ চেয়ারম্যান। গত শনিবার চান্দগাঁও পাবলিক স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনর উপস্থিতিতে বক্তৃতায় আবদুচ ছালাম বলেছিলেন, ‘২২ এপ্রিল আমার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে এর চেয়ে কয়েকদিন বেশিও থাকতে পারি।’ এই কয়েকদিন বেশি থাকতে পারি এই কথার মধ্য দিয়ে ধারণা করা যায় তিনি আবারও চেয়ারম্যান হচ্ছেন।

অপর এক সূত্রে জানা যায়, আবদুচ ছালামকে চেয়ারম্যান করা হলে তা ৬ মাস বা এক বছরের জন্য করা হতে পারে, এর বেশি নয়। অপরদিকে গত ৪ এপ্রিল চট্টগ্রাম মহানগীরর নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন নিয়ে নগরীর ৪১টি ওয়ার্ডে মতবিনিময় সভার উদ্বোধন অনুষ্ঠান করেন ৩৮ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে। সেই অনুষ্ঠানে আবদুচ ছালাম ঘোষণা দিয়েছিলেন-‘তিনি পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে এ ধরনের মতবিনিময় সভা করতে চান।’ ২২ এপ্রিল মেয়াদ শেষ হতে যাওয়া একজন ব্যক্তি আবারও চেয়ারম্যান হতে যাচ্ছেন এমন গ্রিন সিগন্যাল না থাকলে মাস্টারপ্ল্যান নিয়ে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করতেন না বলে অনেকে মনে করছেন। আর তিনি আবারো চেয়ারম্যান হচ্ছেন বলেই, ক্রান্তিকালে সামিটে অংশ নিতে দক্ষিণ আমেরিকায় গিয়েছিলেন। তবে সব কথার শেষ কথা, আজই জানা যাবে কে হচ্ছেন সিডিএ চেয়ারম্যান।

আরও পড়ুন

সর্বশেষ