চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
আগামী দুই মাসের মধ্যে প্রাচ্যের রাণী খ্যাত বন্দর নগরী চট্টগ্রাম থেকে অবৈধ বিলবোর্ড ও ফিটনেস বিহীন গাড়ি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেস বিহীন গাড়ির কারণেই নানা ধরণের সমস্যা হচ্ছে উল্লেখ মন্ত্রী বলেন,‘আগামী দুই মাসের মধ্যে এসব গাড়ী এবং বিলবোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‘
রোববার সকালে নরগীর বিআরটিসি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বান্দরবানের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনটি বাস হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিসি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বান্দরবার সরকারি কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ ও বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে বাস তিনটি হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘মন্ত্রলয়ে দুর্নীতি হলে সে দায় মন্ত্রী এড়াতে পারেন না।‘
বিগত আওয়ামী লীগ সরকার ১ হাজার গাড়ি দিয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০ ডাবল ডেকার ও ১০০ আর্টিকুলেটেড বাস আনা হচ্ছে। এসব বাস শিগগির আসবে। অনুষ্ঠানে জানানো হয়, ২০১২ সালে বান্দরবানে এক অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে মন্ত্রীর কাছ থেকে তিন প্রতিষ্ঠানের প্রধান গাড়ি গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআরটিসি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, টেকনিক্যাল ম্যানেজার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম কার্যালয়ের টেকনিক্যাল ম্যানেজার মশিউজ্জামান উপস্থিত ছিলেন।




