ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ে সরকার কৌশল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন,বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। রোববার বিকালে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দফার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চতুর্থ দফার উপজেলা নিবার্চনে ভোট কেন্দ্রে নেকড়ের মত হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে রাজকীয়ভাবে সিল মারা হয়েছে। ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে তারা নিজেরাই ভোট দিয়েছেন। ৯১টির মধ্যে ২৫টি উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রই দখল করে ইচ্ছামত সিল মেরেছে ক্ষমতাসীনরা। তারা বিএনপির কোনো ভোটারদের ভোটকেন্দ্র যেতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, নির্বাচনে প্রশাসন রক্ষক হিসেবে কাজ করলেও তারা বক্ষকের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনই প্রমাণ করে তাদের আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধী দল অংশ নিতো কখনই এ নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারতো না।
তিনি আরও বলেন, ঝিনাইদহ, কুমিল্লা উত্তর, চট্টগ্রাম উত্তর, বরিশাল উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মৌলভীবাজার, বাউফল, ধমরাই, কানাইঘাট, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর, সোনাগাজী, ফুলগাজী, বাটিয়াঘাট, বেতাগী, নলছিটি, কাঠালিয়া, ঈশ্বরদী, বানারীপাড়া, মনপুরা, দৌলতখানসহ ২৫টি উপজেলায় ভোটকেন্দ্র দখল করে নিয়েছে সরকার দলীয় সন্ত্রাসীরা।
তিনি বলেন, সরকারের সাজানো নিবার্চন কমিশন ও জেলা প্রশাসকের অধীনে জাতীয় সংসদ নিবার্চনে বিএনপি অংশ নিলে যে পরিণতি হতো উপজেলা নিবার্চনে একই পরিণতি হচ্ছে। অথচ এই নিবার্চনে ক্ষমতার পালা বদল হয় না। কিন্তু ক্ষমতা লোভী এই সরকার প্রমাণ করেছে তাদের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন, যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, বেলাল আহমেদ, অ্যাডভোকেট রফিক শিকদার, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।




