বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ে তোলার কাজ শুরু করবো : বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ে তোলার কাজ শুরু করবো : বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে গার্মেন্টস পল্লী হবে আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আজ এখান থেকে যাওয়ার পরই আমি চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ে তোলার কাজ শুরু করবো।’ তিনি বলেন, চট্টগ্রামে বর্তমানে ৩০০ পোশাক কারখানা চালু রয়েছে। এ সংখ্যা খুবই কম। কারণ প্রধান সমুদ্র বন্দর এখানে। দেশের অন্যান্য স্থানে কারখানা স্থাপন করলেও আমদানি-রপ্তানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই এখানেই সবচেয়ে বেশি কারখানা হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে তিনদিনব্যাপী চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক্স এন্ড এক্সেসরিজ এক্সপজিশন (কাফেক্সপো) ২০১৪ উপলক্ষ্যে বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তাজরীন ফ্যাশন দুর্ঘটনা ও রানা প্লাজা ধসের ঘটনা পরবর্তী সঙ্কট কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে পোশাক শিল্প মালিকদের দশমিক ২৫ শতাংশ হারে নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উৎসে কর দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক তিন শতাংশ এবং নতুন পণ্য ও বাজার তৈরির ক্ষেত্রে দুই শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এতে ব্যবসায়ীদের অন্তত ১১ শত কোটি টাকা সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। গতবছর বিরোধী দলের সহিংসতার পরও দেশের প্রধানতম রপ্তানিখাততে বাধাগ্রস্ত করতে পারেনি। তাজরীন ফ্যাশন দুর্ঘটনা ও রানা প্লাজা ধসের ঘটনায় পোশাক শিল্পখাতে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করে বলেন, ২০২১ সালে পোশাকখাতে রপ্তানি হবে ৫০ বিলিয়ন ডলার।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, শিল্পখাত ক্রান্তিকাল অতিক্রম করলেও এখন আবার আলোর মুখ দেখা শুরু করছে।

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, অতীতেও এমন অনেক সঙ্কটময় মুহূর্ত এসেছিল। সৎ সাহস নিয়ে আপনারা এগিয়ে গেলে সফল হবেন। আমরা আপনাদের উপর নির্ভর করছি।

গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি অনেক খাস জমি আছে। কিস্তির মাধ্যমে এসব জমি ব্যবসায়ীদের লিজ দেওয়া যায়।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাছির আহমেদ চৌধুরী, মেলার কো-অর্ডিনেটর এসএম আবু তৈয়বসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ