বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়দ্বিতীয় প্রস্ততি ম্যাচে বাংলাদেশের জয়

দ্বিতীয় প্রস্ততি ম্যাচে বাংলাদেশের জয়

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ওয়ার্ম আপ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে টানা দুটি জয় পেলো বাংলাদেশ। ফলে ১৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবেন মুশফিকরা। এর আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে আরব আমিরাতকে চার উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৭৯ রান। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩ রান করে আউট হয়ে যান এশিয়া কাপে ভালো ব্যাট করা এনামুল হক।

তবে দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে সাব্বির রহমানের ৪৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাব্বির ২৩ বলে ২৩ ও তামিম ২৯ বলে ৩২ রান করেন। এরপর চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের মাত্র ৫৯ বলে অবিচ্ছিন্ন ১১৬ রানের জুটি বড় সংগ্রহ এনে দেয় বাংলাদেশকে। ৭টি চার ও একটি ছক্কায় ৩২ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন চার নম্বরে ব্যাট করতে নামা সাকিব। অন্যদিকে ৩০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসের পথে ৮টি চার ও দুটি ছয় আসে মুশফিকের ব্যাট থেকে।

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে আইরিশদের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক পোর্টারফিল্ড সর্বোচ্চ ৪৪ রান করেন। বাকিরা আসা যাওয়ার মাঝে ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ থমসন করেন ৩৫ রান। আইরিশরা ২০ ওভার শেষে ৮ উইকেটে করেন ১৩৫ রান। ফলে মুশফিকরা ৪৪ রানে জিতে মাঠ ছাড়ে। বাংলাদেশের বোলারদের ৭জনের সবাই কার্যকর বোলিং করে গেছেন। সাকিব এবং মাশরাফি ২টি এবং সোহাগ গাজী,আল আমিন,আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট দখল করে নেন।

এশিয়া কাপে ইনজুরি আক্রান্ত হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারেননি মাশরাফি। ফলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছিলো সংশয়। সে সংশয় আরো বেড়ে গিয়েছিলো প্রথম ওয়ার্ম আপ ম্যাচে তার না খেলার কারণে। কিন্তু দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে সুযোগ পেয়েই ছন্দে ফিরেন মাশরাফি। চার ওভার বোলিং করে ২৮ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। সাকিবও নেন দুটি উইকেট। তিন ওভারে তিনি দিয়েছেন মাত্র ১৩ রান। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ মার্চ, আফগানিস্তানের বিপক্ষে। তারা জিম্বাবুয়ের কাছে সাত উইকেটে হেরেছে।

আরও পড়ুন

সর্বশেষ