ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাত ১০টায় দুদকের উপ-পরিচালক আহসান আলীর নেতৃত্বে দুদকের একটি দল তাকে নিজের বাসা থেকে আটক করে গুলশান থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক আহসান আলী জানান, বিএনপির গত মেয়াদে (২০০৪ সালে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালীন লন্ডনের টিএসবি ব্যাংকে ৯ কোটি টাকা পাচার করেন খন্দকার মোশাররফ। এ বিষয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারির ৯ তারিখে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে একটি অর্থপাচার মামলা দায়ের করেন। ওই অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গুলশান থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ২৩ মিনিটে তাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। এসময় খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার ওষুধপত্র ও খাবারসহ একটি লাগেজ দিয়ে যান। এদিকে, ড. খন্দকার মোশাররফকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই মুহূর্তেই তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।




