ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির কিছু নেতা আছেন, যারা মিডিয়াভিত্তিক নেতা। তারা নিজেরা কোনো দিন জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি হতে পারেন নাই। শুধুমাত্র দলীয় নেত্রীকে খুশি করার জন্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনা করে থাকেন। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কথা বলেন।
সেলিম বলেন, আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির দুই একজন নেতা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমি বক্তব্য দিয়েছিলাম সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে, কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে নয়।
আজ বিএনপির গাত্রদাহ দেখেই বোঝা যায়, তারা জঙ্গিবাদের পক্ষে। বিএনপির নেতারা আমাকে দেখে নিতে চেয়েছেন, আমাকে দেশ থেকে পালানোর কথা বলেছে। তারা কি দেখে নেবেন। কোথায় দেখবেন। আসুন গুলিস্তানে দেখে নেবেন, আমরা প্রস্তুত আছি। বিএনপির এসব নেতা জঙ্গিবাদের সঙ্গে জড়িত কি না স্বররাষ্ট্রমন্ত্রীকে তদন্ত করে দেখার আহ্বান জানান শেখ সেলিম।




