স্পোর্টসডেস্ক (বিডিসময়২৪ডটকম)
অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে জটিল রান রেটের হিসাব নিকাশে বাদ পড়ার দুঃখ ভালোভাবেই ভুলে গেল বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে বৃহস্পতিবার তারা নিউজিল্যান্ডকে হারাল ৭৭ রানে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২৩/১০ (৪৭ ওভার)
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ১৪৬/৯ (৫০ ওভার)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ৭৭ রানে
সাদমান ইসলাম এদিন তিন রানের জন্য টুর্নামেন্টের দ্বিতীয় শতক বঞ্চিত হলেন। এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে ইনিংস সেরা ১২৪ রানের জুটি গড়েন।
লিটন টুর্নামেন্টের প্রথম ফিফটি হাঁকিয়ে দারুণ সঙ্গ দেন এই ওপেনারকে। ৮০ বলে ১০টি চার ও এক ছয়ে ৭৯ রানে সাজানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ইনিংস। পরে অন্য ব্যাটসম্যানরা যাওয়া আসার মধ্যে থাকলেও সাদমান একাই ম্যাচ বের করে নেন।
কোলিয়ারের কাছে বোল্ড হওয়ার আগে সাদমানের ৯৭ রানের ইনিংস সাজানো ১৩ চারে। এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশি ওপেনার। ৪০৬ রানের সবার উপরে আছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের দল পাকিস্তানের ইমাম-উল-হক ৩৭০ রান নিয়ে তার পরে।
কিউই যুবাদের হয়ে দুটি করে উইকেট পান ব্রেট রান্ডেল ও ডেন ওয়াটসন। একটি করে পান জেমিসন, হিকস, বেন্টন ও কোলিয়ার।
২২৪ রানের লক্ষ্য দিয়ে মোসাদ্দেক হোসেনের স্পিন জাদুতে বিপর্যস্ত হয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরা। ৮৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেললে জয় তরান্বিত হয়। নির্ধারিত ওভার শেষে এক উইকেট হাতে রাখতে সমর্থ হয় ব্ল্যাক ক্যাপরা। শেষ পর্যন্ত রান্ডেল ৫১ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে বেন্টন ৪ রানে টিকে থাকেন।
মোসাদ্দেক ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট পান। দুটি নেন নিহাদুজ্জামান। মেহেদী হাসান, সাঈদ সরকার ও ইয়াসির আলী একটি করে উইকেট দখলে নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
চট্টগ্রামঅফিস (বিডিসময়২৪ডটকম)




