ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বেসরকারি খাতে ২৪ কোটি ৩৩ লাখ ডলারের (এক হাজার ৯৪৬ কোটি ৪ লাখ টাকা) বিদেশি ঋণ অনুমোদন করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি। বৃহস্পতিবার কমিটির ৮৩ তম সভায় ১২টি প্রকল্পের জন্য এই ঋণ ছাড় করা হয়। কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, এই ঋণের সুদের হার হবে লাইবর প্লাস সাড়ে চার শতাংশ।
ঋণ অনুমোদন দেওয়া হয়েছে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র লিমিটেডকে ৬ কোটি ৪৮ লাখ ডলার, সামিট বিনিয়ান-২ পাওয়ার কোম্পানি লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ ডলার, সিয়েট কোম্পানি লিমিটেডকে ৩ কোটি ৫০ লাখ ডলার, এয়ারটেল বাংলাদেশকে ৫ কোটি ডলার, এডিভর ওয়েল লিমিটেডকে ৯০ লাখ ডলার, ইউনাইটেড আশুগঞ্জ লিমিটেডকে ২ কোটি ৬০ লাখ ডলার, গ্লোবাল এটিরেল লিমিটেডকে ৯৬ লাখ ৪০ হাজার ডলার, নিপনন পয়েন্ট বাংলাদেশ লিমিটেডকে ৪৬ লাখ ডলার, দেশ এনার্জি লিমিটেডকে এক কোটি ৪ হাজার ডলার। বৈঠকে জানানো হয়, আরো অনেক প্রকল্পে বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, ২০১১-১২ অর্থ বছরে ১০৪ কোটি ডলার ও তার পরের বছর ১৮২ কোটি ডলারের বিদেশি ঋণ নেয় দেশের বেসরকারি খাত। ধারণা করা যায়, দেশে ব্যাংক ঋণের উচ্চ সুদ হওয়ার কারণে বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে।




