শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বৈদেশিক মুদ্রার মজুত ১৯০০ কোটি ডলার ছাড়াল

বৈদেশিক মুদ্রার মজুত ১৯০০ কোটি ডলার ছাড়াল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত এই প্রথমবারের মতো এক হাজার ৯০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গতকাল বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ কোটি ৮০ লাখ ডলার। আর এই রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি দায় মেটানো সম্ভব।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রিজার্ভের পরিমাণে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। মাত্র তিন মাসের ব্যবধানে ১০০ কোটি ডলার ডলার রিজার্ভ বেড়েছে। আর গত সাড়ে চার বছরে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ ছিল ৯০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে প্রবাসী-আয় প্রবাহের প্রবৃদ্ধি, বৈধভাবে প্রবাসী-আয় দেশে আসা বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম বেগবান করা ইত্যাদি রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে।

আবার রপ্তানিকারকদের প্রদত্ত প্রণোদনার ফলে জুলাই-ডিসেম্বর সময়কালে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া এ সময়কালে স্বল্পমেয়াদি ঋণ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এসব কিছু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা, বেসরকারি খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণ বৃদ্ধি পাওয়া, চালের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাল আমদানি না করা, জ্বালানি তেলসহ আমদানিযোগ্য অন্যান্য পণ্যের দাম আন্তর্জাতিক পর্যায়ে হ্রাস পাওয়ায় ও বিলাসদ্রব্যের আমদানি নিরুৎসাহিত হয়ে সার্বিক আমদানি ব্যয় কমে যাওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

আরও পড়ুন

সর্বশেষ