সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাহাংগীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

জাহাংগীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায়। রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিএমপি কমিশনার এসব কথা বলেন।

সিএমপি কমিশনার জানান, গত পরশু চট্টগ্রাম ফোর্সের কাছ থেকে রাষ্ট্রদ্রোহের মামলার একটি এজাহার পাওয়া যায়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি রুজু করা হয়। এরপরই এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সম্পর্কে হাসান মো. শওকত আলী বলেন, অভিযোগটা যেটা আমি বলেছি এক কথায়, সেটি হলো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রাখা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বার্তাটা হলো, যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে, নিজেকে সম্পৃক্ত করবে, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তাঁর ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে শনিবার রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। এর আগে গত মঙ্গলবার জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছিল। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রাখা হয়। ওই সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করলেও মুঠোফোন জব্দের কারণ জানাতে রাজি হননি।

আরও পড়ুন

সর্বশেষ