বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঅগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে : নুসরাত তাবাসসুম

অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হলেও বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নুসরাত বলেন, ‘হামলার ধরন ও বিস্ফোরণের পরিস্থিতি দেখে এটি পেট্রল বোমার আঘাত বলেই মনে হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলতে চাই না। তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। এরপরও একাধিকবার হুমকিমূলক ফোন আসে। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল।

নুসরাতের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। ঘটনার পরও আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের বিভিন্ন পোস্টে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে নিজের ধারণা তুলে ধরে নুসরাত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এটি আওয়ামী লীগেরই কাজ। তবে পুলিশ তাদের দায়িত্ব অনুযায়ী তদন্ত করবে।’

তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকবো। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যও নাকচ করেন তিনি। তার ভাষ্য, বাড়িটিতে পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। তারা বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছিলেন। এ ছাড়া সেখানে তার গবাদিপশুর খামার ও আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল।

নিজের শৈশব ও পারিবারিক স্মৃতিবিজড়িত বাড়িটির ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে নুসরাত বলেন, আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গেছে। কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং একটি শিশু আহত হয়েছে। তার দাবি, আগুনে ওই পরিবারের একটি শিশুও আহত হয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব স্টেশন না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। ফলে বাড়ির অধিকাংশ সম্পদ রক্ষা করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করতে হবে। এ ধরনের ঘটনা অস্বীকার না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নুসরাত বলেন, সংসদ সদস্য কিংবা সাধারণ মানুষ—কারও নিরাপত্তাই এখন নিশ্চিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে একজন চালক আহত হওয়ার ঘটনার সঙ্গে নিজের বাড়িতে হামলার তুলনা করে তিনি বলেন, একইভাবে সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলার ঘটনা নজিরবিহীন। এ ঘটনাকে জুলাই আন্দোলন ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে এ ধরনের ঘটনার বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব ও করণীয় স্পষ্ট করার আহ্বান জানান।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং হামলার সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, হামলার আগে আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে তার অভিযোগ। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাস প্রকাশের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের দাদার বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিকট শব্দ শুনতে পান তারা। পরে গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান।

ওই বাড়িতে একজন তত্ত্বাবধায়ক তার পরিবার নিয়ে বসবাস করতেন। আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশু অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ