মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজানাজা পড়া ও লাশ দাফনের অধিকার প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয়...

জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে এই অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন দৃশ্য আর দেখতে চান না তারা।সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী ফ্যাসিস্টরা শহীদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের লাশ আনতে দেয়নি। সাধারণ মানুষকেও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় আয়োজন করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা ও ফ্যাসিস্ট তোফায়েলের জানাজা হয়েছে। তাঁর নিজের এলাকায় আওয়ামী লীগ নেতা একেএম রহমতুল্লাহর জানাজা হয়েছে। সংসদীয় রীতি অনুসারে শোক প্রকাশও করা হয়েছে। ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও তাঁরা কথা বলেছেন এবং বলবেন। কারণ, শত্রুর সঙ্গেও ন্যায়বিচার করতে শিখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে অনেকে মানবাধিকারের কথা বলছেন, যা ইতিবাচক। তবে গত ১৬ বছরে অনেকেই এ বিষয়ে কথা বলেননি। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সময় ঢাকার অনেক মানবাধিকারকর্মী নীরব ছিলেন বলে অভিযোগ করেন তিনি। মানবাধিকারের প্রশ্নে ওই হত্যাকাণ্ডগুলোর বিচারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি আরও বলেন, লাশের ওপর মুজিববাদীদের উল্লাস এবং কবর ভাঙচুরের ঘটনা তাঁরা দেখেছেন। জানাজা পড়তে না দেওয়ার বিষয়টিকেও কীভাবে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল, তা-ও দেখেছেন। এখনো শহীদ ওসমান হাদীর কবর উৎখাতের পক্ষে জনসম্মতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এত কিছুর পরও তাঁরা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারেন না। ফ্যাসিবাদের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। একই সঙ্গে সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ