বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষ তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরে রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন তদন্ত করেন। তারা তদন্ত করে দেখেছে আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন। তারা মর্মাহত হয়েছেন।
স্পিকার জানান, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্পিকার এক বছরের জন্য এর সভাপতি থাকবেন।
তিনি বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আমি সেখানে তুলে ধরেছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তা তুলে ধরেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভীভূত করেছে। প্রতিত সরকারের তৈরি করা ভুল ধারণা কেটে গেছে।
স্পিকার বলেন, তানজানিয়ায় ৫-৯ অক্টোবর বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের কনভেনশন ছিল। সেখানে বাংলাদেশ থেকে আমিসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল যায়। এই অধিবেশনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। এই কনভেনশনে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপ করেছি। হিউম্যান রাইটস কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। নানা গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।
গত ৫ অক্টোবর স্পিকার আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিনে (৫ অক্টোবর) আইপিইউ এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ ছাড়াও সংসদ সদস্য হিসেবে রয়েছেন সরওয়ার জামাল নিজাম এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।




