হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
এর অংশ হিসেবে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮৪ (EK0584) ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রচলিত ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
অপরদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কি এয়ারলাইন্সের টিকে০৭১২ (TK0712) ফ্লাইটে ঢাকায় আসা অপর যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়, যা কাস্টমস কর্তৃপক্ষ আটক করে।
সব মিলিয়ে দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার করে বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




