সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে রয়েছে ৮টি পণ্য ও ৩টি সেবা খাত। রোববার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর।
আদেশে বলা হয়েছে, উৎপাদন পর্যায়ে যে ৮টি পণ্যের ক্ষেত্রে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য বা রড, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।
অন্যদিকে, সেবা পর্যায়ের তিনটি খাত হলো বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকলেও তাদের পুরো ব্যাবসায়িক কার্যক্রমের জন্যই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
এনবিআরের নতুন এই নির্দেশনা জারির পর থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট ১১টি খাতের নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে বলে জানিয়েছে এনবিআর।




