ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের পদত্যাগের দাবিও জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা খুরশীদ আলমকে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আখ্যা দিয়ে তাকে পদ থেকে সরানোর দাবি জানান। তাদের দাবি, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের আগে ব্যাংকের পর্ষদে যারা ছিলেন, তাদেরই আবার দায়িত্বে ফিরিয়ে আনা উচিত।
এ সময় তারা সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও তোলেন।
আন্দোলনকারীরা দাবি করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।
অন্যদিকে, দিলকুশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর থেকেই এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলন শুরু করে ‘সচেতন গ্রাহক ফোরাম’।
এর আগে সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।




