সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সাবেক এমপি সফুরা বেগম

মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সাবেক এমপি সফুরা বেগম

লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, নাশকতা, হত্যাসহ পাঁচটি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তাঁকে লালমনিরহাটে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ