সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল এসব জাহাজ চলাচলে অনুমতি দেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে উদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে যেন জ্বালানি সংকটে না পড়ে, সে দিকে ইরানের নজর রয়েছে। সে প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ছয়টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি। আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি, এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এখানে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, এগুলো সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি ও বলেছি, আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। সব ধরনের সহযোগিতা যেন করা হয়।

যুদ্ধের পর হরমুজ প্রণালি নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে জানিয়ে জলিল রহিমি বলেন, ইনোসেন্স প্যাসেজের নিয়ম অনুসারে কোনো ধরনের জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই প্যাসেজ দিয়ে যেতে পারবে না। এ ক্ষেত্রে আমাদের সংসদ এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। আমরা অবশ্যই হরমুজ প্রণালিতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠিত করব।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।

আরও পড়ুন

সর্বশেষ