মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ইজতেমা শুরু শুক্রবার থেকে বিশ্ব

ইজতেমা শুরু শুক্রবার থেকে বিশ্ব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্মিলন তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা উপলক্ষে মাঠের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি।

দেশের ৩২টি জেলার তাবলীগ জামাতের মুসল্লি ও সর্বস্তরের মুসলমানদের পাশাপাশি বিশ্বের প্রায় ১৩০টি দেশের মুসলমান এবারের ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন। ইজতেমার মাঠকে মোট ৪০টি খিত্তায় ভাগ করে জেলা অনুযায়ী স্থান নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইতোমধ্যে এই মহাসম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনের ইজতেমায় আসা মুসল্লিদের রাত যাপনের জন্য মাটিতে চট বিছিয়ে, ওপরে সামিয়ানা টাঙানো হয়েছে।

মুসল্লিদের অজু-গোসল, পানের জন্য চৌবাচ্চা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিশুদ্ধ পানিতে পূর্ণ করা হয়েছে। ইজতেমার শেষ দিন পর্যন্ত এসব চৌবাচ্চায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ থাকবে।

মাঠের চারদিকে স্থায়ী শৌচাগারের পাশাপাশি নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার। ইজতেমা ময়দানের পশ্চিম দিকে বিদেশি মেহমান খিত্তার পাশে স্থাপন করা হয়েছে নামাজের স্থান। আর তুরাগ তীরের পশ্চিম দিকে মাঠের মাঝামাঝি রয়েছে বয়ানের মঞ্চ।

টঙ্গী সরকারি হাসপাতালে স্থাপন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম। মাঠের আশপাশের খাবার দোকান ও আবাসিক হোটেলের মান ঠিক রাখতে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। মাঠের প্রতিটি কোনে মুসল্লিদের বয়ান শোনার জন্য মাইক লাগানো হয়েছে। ইজতেমা চলার সময় থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

বৃহস্পতিবার ভোরে ইজতেমার মাঠ ঘুরে দেখা গেছে, ইতোমধ্যেই মাঠ মুসল্লিদের পদচারণে মুখরিত। বিভিন্ন জেলার কিশোর, যুবক, বয়োজ্যেষ্ঠ সব শ্রেণীর মানুষ ইজতেমায় এসেছেন। বুধবার থেকে ইজতেমা মাঠে প্রবেশপথে মুসল্লিদের ভিড় লেগেই আছে।

অনেকে দীর্ঘ চল্লিশ বা ১২০ দিন ইসলামের দাওয়াত শেষ করে ইজতেমায় শরিক হচ্ছেন। আবার কেউ কেউ ইজতেমা শেষে দেশ-বিদেশ ঘুরে ইসলামের দাওয়াত দিতে ৪০ বা ১২০ দিনের জন্য বেরিয়ে পড়বেন। ধনী-দরিদ্র সবাই এখানে এক সামিয়ানার নিচে একসঙ্গে অবস্থান করছেন। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ ব্যবহার্য দ্রব্যাদি কাধে বহন করে মাঠে আসছেন।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দাসহ যৌথ বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। র‌্যাবের দুটি হেলিকপ্টার ইজতেমা মাঠের আকাশে টহল দেবে। নজরদারির জন্য মাঠের চারদিকে ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ