রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং একাধিক অসঙ্গতি চিহ্নিত করেন।
পরিদর্শনকালে মন্ত্রী পুরাতন ভবনের কয়েকটি ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, রোগীর সংখ্যার তুলনায় হাসপাতালের সুযোগ-সুবিধা অপ্রতুল। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, আগের তুলনায় পরিবেশ কিছুটা উন্নত হলেও এখনও অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না—এমন অভিযোগ রয়েছে। একটি ছাড়া বাকি অপারেশন থিয়েটারগুলোর মান উন্নত নয় এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের সংকটও আছে বলে জানান তিনি।
হাসপাতালের বেডসিট ও কাপড় ধোয়ায় নিম্নমানের সেবার অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বিল সমন্বয়ের নির্দেশ দিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে এবং সারা দেশের হাসপাতাল ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের দালালি বা ট্রলি ভাড়া নিয়ে অতিরিক্ত টাকা আদায় বরদাশত করা হবে না।




