চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। কিন্তু ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।




