ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতন ৫০ শতাংশ বাড়ানোর জন্য আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের বিচারকদের মূল বেতন ৫০ শতাংশ হারে বাড়ানোর একটি প্রস্তাব আইন ও বিচার বিভাগ থেকে পাঠানো হয়েছিল। মন্ত্রিসভা তাতে ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।”
যাচাই বাছাই শেষ হলেই সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪ এর খসড়া সংসদে তোলা হবে বলে জানান সচিব।
তিনি জানান, সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের আইন অনুযায়ী বেতন-ভাতা পেতেন। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়। এবার আবার করা হচ্ছে।
নতুন করে আবার বেতন বৃদ্ধির কারণ জানতে চাইলে মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, “এটি যুক্তিসঙ্গত। সবারই বেতন ভাতা কম। এই পরিমাণ বাড়ানোর পরও কম থাকবে।”




