ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সেই পরীক্ষা আমাদের দিতে হবে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সেই পরীক্ষা আমাদের দিতে হবে। সাধারণত একজন একজন করে ইন্টারভিউ নেয়ার নিয়ম। কিন্তু প্রার্থী ৮২২ জন। এক মিনিট করে সাক্ষাত্কার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম। সবাইকে মনোনয়ন দিতে পারব না। তবে শীতের পিঠা খাওয়াতে পারব।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভাগে ৩৬টি সিট। আবেদন পেয়েছি ৮২২টি। আমি খুব আনন্দিত। সবাইকে তো আর খুশি করতে পারব না। উত্সাহ-উদ্দীপনা এটাই বড় কথা।’
সংরক্ষিত আসনে মহিলা সাংসদ নির্বাচনে মাত্র ৩৬ জনকে বেছে নিতে হবে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন, এটাই বড় অর্জন। রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যাঁর যাঁর এলাকায় গিয়ে কাজ করবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, গওহর রিজভী, এইচ টি ইমাম প্রমুখ।




