মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে।  দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের বার্তা থাকলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত। একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির, সেটা কেউই দেখেনি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে- তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানি তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।

কৃষকদের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে কৃষকদের নানা রকম সাবসিডি দেওয়া হয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি কার্যকর সহায়তা দেওয়া হবে। দেশে সিন্ডিকেট বলতে যেটা রয়েছে, সেখানে কিছু মানুষ অনৈতিক প্রবেশ করে অনৈতিক কাজ করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।’

যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসৎ ব্যবসায়ী অতিরিক্ত প্রিজারভেটিভ প্রয়োগ করে খাদ্যে ভেজাল সৃষ্টি করেন। সরকার একা সবকিছু করতে পারে না, তাদের বিরুদ্ধে সবার অংশগ্রহণ জরুরি। নানা বিষয়ে নানা মত থাকবে, আলোচনা হবে। কিন্তু ভেজালের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমাদের সুবিধা হল, আমাদের যুব শক্তি অনেক বেশি। যা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলব।

তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণদের মতো মেধাবীরা যে দেশে রয়েছে, সেখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। আপনারা কথা বলবেন, আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।

তিনি বলেন, বললে অনেক কথা বলতে পারি- এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।

আরও পড়ুন

সর্বশেষ