বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সেখান থেকে এক শোক বার্তায় তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অবদান অপরিসীম’।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।
আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যু “বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে” এবং “বর্তমান সময়ে দেশের স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টায় এটি একটি বড় ধাক্কা।”
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা, নেতৃত্বের স্বীকৃতি এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। দেশের প্রভাবশালী এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের শোকবার্তা থেকে স্পষ্ট হয়ে ওঠে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন একজন অত্যন্ত শ্রদ্ধেয় ও গুরুত্বপূর্ণ নেতা।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।




