দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার (২৮ ডিসেম্বর) জারি করা এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমেই তাঁর এই নিয়োগ কার্যকর হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রধান বিচারপতির এই অভিভাষণে বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করা, মামলার জট নিরসন এবং বিচারিক সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকতে পারে।




