মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শেষ হচ্ছে আজই। ৩০০ আসনের বিপরীতে এরইমধ্যে ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। এ সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন

সর্বশেষ