রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমনোনয়ন জমা দিলেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর হেলাল

মনোনয়ন জমা দিলেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর হেলাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-আংশিক বায়েজিদ) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীনের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দলের ইশতেহারের পাশাপাশি নির্বাচনী আসনের স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, জাকির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, গিয়াস উদ্দীন, সৈয়দ নাছির উদ্দীন, ওয়াহিদুল আলম,এডভোকেট মোহাম্মদ রিয়াদ।

এর আগে ১৭ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ করেন মীর হেলাল। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হকের সঙ্গে এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

এদিকে নির্বাচনের সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ৫–৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

সর্বশেষ