দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
এদিকে রবিবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।




