বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআজকে পদত্যাগ করতে পারে আসিফ, অনিশ্চয়তা রয়েছে মাহফুজ

আজকে পদত্যাগ করতে পারে আসিফ, অনিশ্চয়তা রয়েছে মাহফুজ

নির্বাচনে অংশ নিতে আজ বা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা– তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকতে পারেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পদত্যাগের বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।

নির্বাচনে প্রার্থী হতে ঢাকার ভোটার হয়েছেন। আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তপশিলের আগেই তিনি পদ ছাড়বেন।

এনসিপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, তা হচ্ছে না। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে প্রার্থী হবেন। এনসিপি যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়,
তবেই আসিফ এনসিপিতে আসবেন। তা না হলে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন–এমন সম্ভাবনার কথা জানিয়েছে এনসিপি সূত্র।

সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানায়, মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এ মনোভাবের পরিবর্তন আসেনি।

আরও পড়ুন

সর্বশেষ