শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে : সিইসি

নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে : সিইসি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে তারা সন্ত্রাসী, তাদের কঠোর শাস্তি দেয়া হবে। কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না। শনিবার দুপুরে স্থগিত আসনে নির্বাচন প্রস্তুতির বৈঠক শেষে এনইসি সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা কারীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা-বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এই সময় নির্বাচনী এলাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে।

সিইসি বলেন, নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। ৫ জানুয়ারির ধারাবাহিকতায় নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব ও আর্মড পুলিশ। ব্যাটালিয়ন আনসার সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে মোবাইল টিমের দায়িত্বে থাকবে পুলিশ।

বৈঠকে উপস্থিত ৬ রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা তাদের এলাকা পরিস্থিতি সম্পর্কে জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং প্রার্থীদের নানা অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা চান।

বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক-বিজিবি, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, এসবি, ডিজিএফআই ও র‌্যাব, অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপরিদর্শক (সংশ্লিষ্ট চার রেঞ্জ), ৬ ডিসি (সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা), ৬ জেলা পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচাল, আনসার ভিডিপি (সংশ্লিষ্ট চার রেঞ্জ), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ