কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ কারাগারে চলে যাবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।
তিনি বলেন, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।




