কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির তথ্যমতে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
একই দিন বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবু সাইদকে গ্রেপ্তার করে। এদিন গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে। ডিবি ওয়ারি বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেপ্তার করে।




