মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মালোপাড়া পর্যন্ত রোড মার্চের কর্মসূচী ঘোষণা গণজাগরণের

মালোপাড়া পর্যন্ত রোড মার্চের কর্মসূচী ঘোষণা গণজাগরণের

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ১০ ও ১১ জানুয়ারি গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে যশোর মালোপাড়া পর্যন্ত রোড মার্চের কর্মসূচী ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচী ঘোষণা করেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলমান এবং বিশেষ করে গত একবছর ধরে জামায়াত -শিবিরের সন্ত্রাসীদের দ্বারা এই হামলা প্রকাশ্যে অপ্রকাশ্যে বহগুণে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বর্তমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা প্রতিরোধে সারাদেশে প্রশাসনের ব্যর্থতায় আমরা ক্ষুব্ধ’। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের উত্তর প্রজন্ম হিসেবে তাঁরা চান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিষযটি শক্তভাবে মোকাবেলা করা হোক এবং এর একটি স্থায়ী সমাধান অত্যাবশ্যক।

গণজাগরণ মঞ্চ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার দরিদ্র নির্যাতিত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য শাহবাগে ত্রাণ সংগ্রহ করবে । মঞ্চ সারাদেশের যেসব এলাকায় হামলা হচ্ছে ও হামলার আশংকা আছে সে এলাকাগুলোর সকল তরুণকে নিয়ে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গণজাগরণ মঞ্চ সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করেছে। সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে, সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইবুনালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

ইমরান সারাদেশের আগ্রহী তরুনদের সমন্বয় সেলের সঙ্গে ০১৭৮১৬২৮১১১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ