ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ওয়ার্কিংগ্রুপ (ইডব্লিউজি)দাবি করেছে নির্বাচনে ভোটার উপস্থিতি ৩১.১ শতাংশ ছিল। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরবর্তী প্রাথমিক পর্যবেক্ষক প্রতিবেদন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেন ইডব্লিউজির পরিচালক ড. মো. আব্দুল আলীম। এ সময় তিনি বলেন, ৪৩টি জেলার ৭৫টি সংসদীয় আসনে এক হাজার ৬৮৯টি ভোটকেন্দ্রে ৮৪৪৪ জন পর্যবেক্ষক মোতায়েন করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিটের মাধ্যমে তিনটি ধাপে পর্যবেক্ষরা ভোট প্রদানের হার লিপিবদ্ধ করে। সে মোতাবেক পর্যবেক্ষণকৃত ৭৫টি আসনে আলাদাভাবে ৩১.২ শতাংশ নারী ও ২৮.৯ শতাংশ পুরুষ, গড়ে ৩১.১ শতাংশ লোক ভোট প্রদান করেছেন।
পর্যবেক্ষণকৃত এলাকায় ইডব্লিউজি ভোট কেন্দ্রের বাইরে ৭২টি ও কেন্দ্রের ভেতরে ইডব্লিউজির পর্যবেক্ষকরা ৪৭টি সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করে। এ ছাড়া ২১টি ঘটনা ঘটেছে যেখানে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার সময় বাধা দেয়া হয়েছে। আবার ভোটারদের জোরপূর্বক ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পাঁচটি ঘটনা পাওয়া গেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের সভাপতি এএইচএম নোমান, ডেমক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান, জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ।




