মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাজী সেলিম ১১৬৬৯ ভোটে জয়ী

হাজী সেলিম ১১৬৬৯ ভোটে জয়ী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কোতয়ালি ও বংশাল) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে দলের বিদ্রোহী প্রার্থী হাজী মো. সেলিম ১১৬৬৯ ভোটে পরাজিত করেছেন।

১২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী প্রার্থী হাজী মো. সেলিম (হাতি প্রতীক) পেয়েছেন ৪২০০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ৩০৩৩৮ ভোট।

বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন দল থেকে মনোনয়ন পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম।
 
এছাড়াও ব্যারিস্টার রিয়াজউদ্দিন নামের এক স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আনারস প্রতীকে।  ঢাকা-৭ আসনে ভোটকেন্দ্র ছিল ১২০টি। লালবাগ, চকবাজার, কোতায়ালি ও বংশাল এলাকা নিয়ে এ আসনের সীমানা।
 
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫,  ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসনটি গঠিত। 
 
এ এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ২৬৫। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম এমপি নির্বাচিত হন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। গতবারের ধারাবাহিকতায় এবারও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৪৬ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু পেয়েছিলেন ৭০ হাজার ৭৪৭ ভোট।
 
এদিকে বিএনপি নেতা ও কমিশনার হাজী সেলিম আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে এমপি নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি মনোনয়ন পান। কিন্তু নাসিরউদ্দিন পিন্টুর কাছে ১ হাজার ৭২ ভোটের ব্যবধানে হেরে যান। পিন্টু পেয়েছিলেন ৮৯হাজার ৭৮৯ ভোট। হাজী সেলিম পান ৮৮ হাজার ৬৯৭ ভোট।
 
এরপর বিএনপি সরকার হাজী সেলিমের বিরুদ্ধে অনেক মামলা দেওয়ার কারণে তিনি ওয়ান-ইলেভেন সরকারের পুরো সময় পলাতক ছিলেন। এ কারণে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেন নি।

আরও পড়ুন

সর্বশেষ