ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে প্রতিনিধি দলটি প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই আলোচনার ভিত্তিতেই মূলত ইইউ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশনের সচিব মো. আখতারুজ্জামান আগে জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে। তখন তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।




