ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
চাঁদপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে ফারুক পাটোয়ারী (৩৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ফারুকের বাবার নাম আবদুর রাজ্জাক। তাঁর বাড়ি সদর উপজেলার মান্দারি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ম্যাজিস্ট্রেটসহ বিজিবির একদল সদস্য গাড়িতে টহল দিচ্ছিলেন। তাঁরা সদর উপজেলার মহামায়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা অতর্কিতে হামলা চালায়। অবরোধকারীরা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিজিবি গুলি ছোড়ে। গুলি ফারুকের গায়ে লাগে। তাত্ক্ষণিকভাবে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।




